ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল

দেশের বাজারে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরি স্বর্ণে ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধির ঘোষণা দিয়েছে। এর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা। বুধবার (১১ মার্চ) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৫৮ হাজার ১২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১ হাজার ২৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৮০ হাজার ৬১৭ টাকায় বিক্রি হবে।

এর আগে গতকাল মঙ্গলবার (১০ মার্চ) স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানো হয়েছিল। চলতি ২০২৬ সালে এ পর্যন্ত মোট ৪০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো, যার মধ্যে ২৬ বার দাম বেড়েছে এবং ১৪ বার কমেছে। উল্লেখ্য, গত ২০২৫ সালেও রেকর্ড ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস।