ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নগদের মাধ্যমে ‘ফ্যামিলি কার্ড’-এর ভাতা বিতরণ শুরু

সরকারের উচ্চাভিলাষী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির অর্থ বিতরণে ডিজিটাল পার্টনার হিসেবে যুক্ত হয়েছে মোবাইল আর্থিক সেবা ‘নগদ’। মঙ্গলবার (১০ মার্চ) সকালে কড়াইল বস্তি এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী ধাপেই ১৩ জেলার ৬ হাজার ৪৫১টি পরিবার নগদের মাধ্যমে ১ কোটি ৬২ লাখ ৪ হাজার ২৬৫ টাকা বুঝে পেয়েছেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, সরাসরি ডিজিটাল পদ্ধতিতে ভাতা প্রদানের ফলে অর্থ লোপাটের সুযোগ বন্ধ হবে এবং প্রকৃত দুস্থরাই এই সুবিধা পাবেন। কড়াইল বস্তির মতো ঘনবসতিপূর্ণ এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে।

নগদের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের প্রধান মুহাম্মদ জাহিদুল ইসলাম সরকারের এই উদ্যোগে অংশীদার হতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, “সরকার ক্ষমতা গ্রহণের এক মাসের মধ্যেই জনগনের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণে যে দ্রুততা দেখিয়েছে, তা প্রশংসনীয়। এই প্রকল্পের মাধ্যমে প্রান্তিক নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে।”

নির্বাচনপূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী, দেশের দরিদ্র ও নারী প্রধান পরিবারগুলোকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রাথমিক পর্যায়ে ১৩টি জেলার সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কঠোর যাচাই-বাছাইয়ের পর ‘ডাবল ডিপিং’ (একাধিক ভাতা) ও সরকারি চাকরিজীবীদের বাদ দিয়ে কেবল যোগ্য নারী প্রধান পরিবারগুলোকেই এই ভাতার আওতায় আনা হয়েছে।