শরীয়তপুরের সদর উপজেলায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিশুদ্ধ খাদ্য আদালতের যৌথ অভিযানে ভেজাল ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্যপণ্য জব্দ করা হয়েছে। অভিযানটি অনুষ্ঠিত হয় ১০ মার্চ, ২০২৬ খ্রি., কোর্ট মোড় ও চৌরঙ্গী মোড় এলাকায়।
অভিযানকালে চৌরঙ্গী মোড়ের “আল আকসা সুপার মার্কেট” থেকে নিষিদ্ধ হাইড্রোজ মিশ্রিত ভেজাল গুড় উদ্ধার করা হয়। গুড়গুলোতে অসংখ্য পোকা ছিল এবং প্রতিষ্ঠানটি এগুলো জনসাধারণের কাছে বিক্রি করছিল। এছাড়া অনুমোদনহীন খাদ্য রং, ভুয়া লেবেল যুক্ত মশলা, নকল মিশ্রি, মেয়াদোত্তীর্ণ ও লেবেলবিহীন অন্যান্য খাদ্যপণ্যও জব্দ করা হয়েছে।
“তামিম ফ্যামিলি ফুড মার্ট” থেকে নিষিদ্ধ গুড় ও টেক্সটাইল ডাইযুক্ত রঙ্গিন চিপস, “স্বপ্ন” সুপার শপ থেকে অনুমোদনহীন ফুড কালার উদ্ধার করা হয়। মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব পণ্য বিক্রয় করার অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন লাভলী শীল, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বিশুদ্ধ খাদ্য আদালত, শরীয়তপুর। সার্বিক সমন্বয়ে ছিলেন সুব্রত ভট্টাচার্য্য, জেলা নিরাপদ খাদ্য কর্মকতা, শরীয়তপুর। সহায়তা দেন লাইলী আক্তার, আলেয়া বেগম এবং র্যাব-৮ ও বাংলাদেশ পুলিশের টিম।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রয় প্রতিরোধ এবং জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।