মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশি শ্রমিকদের সম্ভাব্য কর্মসংস্থান সংকট মোকাবিলায় ইউরোপসহ বিকল্প দেশগুলোতে নতুন শ্রমবাজার তৈরির কাজ শুরু হয়েছে। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে গণঅধিকার পরিষদ আয়োজিত এক ইফতার মাহফিলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর এ তথ্য জানান।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ইরান-ইসরায়েল সংঘাত ও মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে ওই অঞ্চলের শ্রমবাজারে অনিশ্চয়তা দেখা দিতে পারে। এই ঝুঁকি মোকাবিলায় সরকার আগেভাগেই জার্মানি, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোতে দক্ষ জনশক্তি পাঠানোর উদ্যোগ নিয়েছে। মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরতা কমিয়ে ইউরোপ ও এশিয়ার উন্নত দেশগুলোতে নতুন কর্মসংস্থান সৃষ্টি করাই এখন সরকারের মূল লক্ষ্য।
নুরুল হক নুর আরও জানান, যুদ্ধ পরিস্থিতির কারণে কোনো প্রবাসী শ্রমিক যদি দেশে ফিরে আসতে বাধ্য হন, তবে তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় কর্মসংস্থান বা ক্ষতিপূরণের ব্যবস্থা করবে সরকার। প্রবাসীদের স্বার্থ রক্ষায় মন্ত্রণালয় ইতিমধ্যে একটি বিশেষ সেল গঠন করেছে বলেও তিনি উল্লেখ করেন।
জ্বালানি খাতের ওপর যুদ্ধের প্রভাব নিয়ে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সংঘাতের কারণে বাংলাদেশের জ্বালানি সরবরাহ চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে সরকার এই সংকট মোকাবিলা করে জনজীবন স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে। ইফতার মাহফিলে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।