প্রবাসী আয়ের অভাবনীয় প্রবৃদ্ধিতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ২৯ বিলিয়ন মার্কিন ডলারে। বুধবার (১১ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী, দেশের নিট রিজার্ভের পরিমাণ এখন ২৯ দশমিক ৫৭ বিলিয়ন ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ মার্চ পর্যন্ত প্রবাসীরা মোট ২৪ হাজার ১৯১ মিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে এই অংক ছিল ১৯ হাজার ৬৩৫ মিলিয়ন ডলার। অর্থাৎ রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের উল্লম্ফন ঘটেছে।
মার্চ মাসের প্রথম ১০ দিনের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ ৫১ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছরের এই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ১৪৫ মিলিয়ন ডলার, যা চলতি বছরের প্রথম ১০ দিনেই ১ হাজার ৭৩৮ মিলিয়ন ডলারে পৌঁছেছে।
সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকিং চ্যানেলে ডলারের বিনিময় হার বাজারভিত্তিক করা এবং হুন্ডি প্রতিরোধে কঠোর নজরদারির ফলে বৈধ পথে অর্থ পাঠানোর প্রবণতা বেড়েছে। রাজনৈতিক স্থিতিশীলতা ও সরকারের নতুন অর্থনৈতিক নীতিমালার প্রভাবে প্রবাসীরা দেশে অর্থ পাঠাতে আগ্রহী হচ্ছেন, যার সরাসরি প্রভাব পড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে।