সরকারি হাসপাতালে বায়োমেট্রিক হাজিরা দিয়ে কর্মস্থলে না থেকে বেসরকারি হাসপাতালে রোগী দেখার অভিযোগে শরীয়তপুর সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. রাজেশ মজুমদারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, গত ৪ মার্চ সকালে একটি বেসরকারি টেলিভিশনের লাইভ প্রতিবেদনে ডা. রাজেশ মজুমদারের বিরুদ্ধে আনা এই অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। প্রতিবেদনে দেখা যায়, তিনি সরকারি ডিউটি চলাকালীন হাসপাতালে উপস্থিত না থেকে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখছিলেন। এই ঘটনার প্রেক্ষিতে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩১(১) ধারা অনুযায়ী, তদন্ত চলাকালে অভিযোগের গুরুত্ব বিবেচনা করে তাকে দায়িত্ব থেকে বিরত রাখা আবশ্যক বলে মনে করছে কর্তৃপক্ষ। সাময়িক বরখাস্ত থাকাকালীন তিনি বিধি মোতাবেক খোরপোশ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এর আগে গত ৫ মার্চ অফিস চলাকালীন প্রাইভেট চেম্বারে রোগী দেখার দায়ে স্বাস্থ্য বিভাগ তাকে শোকজ করেছিল। উল্লেখ্য, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে।