ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বরেণ্য ব্যক্তিদের মৃত্যুতে সর্বসম্মতিক্রমে শোকপ্রস্তাব গৃহীত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) অধিবেশনের শুরুতে স্পিকারের পক্ষ থেকে এই প্রস্তাব উত্থাপন করা হয়।
শোকপ্রস্তাবে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর মৃত্যুবরণকারী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গণতন্ত্র রক্ষা ও সংসদীয় রাজনীতিতে অবদান চিরস্মরণীয়। এছাড়া সাবেক রাষ্ট্রপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীসহ ৩১ জন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সংসদ।
তালিকায় থাকা উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন—সাবেক সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, প্রথম সেনাপ্রধান মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ, সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, মোস্তফা মোহসীন মন্টু, বীর মুক্তিযোদ্ধা এ কে খন্দকার ও রমেশ চন্দ্র সেন।
আন্তর্জাতিক অঙ্গনের বিশিষ্টজনদের মধ্যে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণেও শোক জানানো হয়। শোকপ্রস্তাব পাঠ শেষে প্রয়াতদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সংসদ সচিবালয় জানিয়েছে, গৃহীত শোকপ্রস্তাবের অনুলিপি সংশ্লিষ্টদের পরিবারকে পাঠানো হবে।