গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার (১৩ মার্চ) এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে থাকা এই প্রবীণ রাজনীতিবিদের শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকরা তাকে বিদেশে স্থানান্তরের পরামর্শ দিয়েছেন। বর্তমানে তাকে সিঙ্গাপুরে নেওয়ার সব প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
এর আগে গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে ওইদিন গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার রাতে হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে যান জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি সেখানে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার খোঁজ নেন।
এছাড়া বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সরকারের একাধিক মন্ত্রী ও শীর্ষ নেতারা হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরিবারের পক্ষ থেকে মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।