রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিশংসনের মাধ্যমে অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে আয়োজিত এক বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি তোলেন।
নাহিদ ইসলাম বলেন, বর্তমান রাষ্ট্রপতি জুলাই গণহত্যাকালে নির্বিকার ছিলেন এবং তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন, তাই তাকে দ্রুত অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন এবং আইনের আওতায় আনতে হবে।
সংসদীয় কার্যক্রমের সমালোচনা করে এই সংসদ সদস্য বলেন, সংস্কার ও সংবিধান সংশোধনের জনমত নিয়ে তারা সংসদে গেলেও সেখানে ‘ফ্যাসিবাদী দোসরদের’ প্রাধান্য দেখা যাচ্ছে। স্পিকারের অনুমতি না পাওয়ায় তারা রাষ্ট্রপতির বক্তব্যের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী ময়মনসিংহের স্থানীয় সমস্যা, চাঁদাবাজি ও ট্রাফিক জ্যাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। একইসঙ্গে তিনি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনা করেন। অনুষ্ঠানে এনসিপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।