ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমিরাতে যুদ্ধের গুজব ছড়ানোর অভিযোগে বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

সংযুক্ত আরব আমিরাতে চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও ভুয়া ভিডিও প্রচারের অভিযোগে এক বাংলাদেশিসহ ১০ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘আমিরাত নিউজ এজেন্সি’ এই তথ্য নিশ্চিত করেছে।

আমিরাতের পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কৃত্রিম হামলার দৃশ্য তৈরি এবং অন্য দেশের যুদ্ধের ভিডিওকে আমিরাতের ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছিল। এসব ভিডিওর মাধ্যমে জাতীয় নিরাপত্তা ও জনমনে আতঙ্ক তৈরির অভিযোগে তাদের বিরুদ্ধে জরুরি বিচারের নির্দেশ দিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল হামাদ আল সামছি।

অভিযুক্তদের মধ্যে একজন করে বাংলাদেশ, মিশর, পাকিস্তান, ইরান, ফিলিপাইন, ভিয়েতনাম, ক্যামেরুন ও নেপালের নাগরিক এবং দুইজন ভারতের নাগরিক রয়েছেন। তদন্তে দেখা গেছে, ভিডিওগুলোতে ভুয়া বিস্ফোরণের দৃশ্য এবং শিশুদের আবেগঘন ফুটেজ ব্যবহার করে ডিজিটাল কারচুপির মাধ্যমে সামরিক স্থাপনা ধ্বংসের বানোয়াট দাবি করা হয়েছে।

আমিরাতের সাইবার নিরাপত্তা বিভাগ জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে অনলাইনে বিভ্রান্তি ছড়ানো ব্যক্তিদের শনাক্ত করতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। বর্তমানে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে এবং বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আমিরাত সরকার দেশটিতে বসবাসরত প্রবাসীদের যাচাইহীন তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে কঠোর সতর্কবার্তা প্রদান করেছে।