ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে ৭ শতাধিক অসহায়ের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

শরীয়তপুরে আসন্ন ঈদকে সামনে রেখে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ৭ শতাধিক পরিবারের হাতে ঈদ সামগ্রী তুলে দিয়েছে সামাজিক সংগঠন হালিমা-খালেক ফাউন্ডেশন।

শনিবার (১৪ মার্চ) দুপুরে নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হালিমা-খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুর রহমান পলাশ এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম জয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিমা-খালেক ফাউন্ডেশনের পরিচালক ও নশাসন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান ফকির।

আয়োজকরা জানান, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এ বছর ৭ শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, তেল, চিনি ও সেমাইসহ বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার মানবিক দায়িত্ব। হালিমা-খালেক ফাউন্ডেশনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের মানুষের জীবনমান যদি উন্নত হয়, তাহলে এমন দিন আসবে, যখন হয়তো এত অসহায় মানুষ খুঁজে পাওয়া যাবে না। তখনই প্রকৃত অর্থে মানুষের কল্যাণে রাজনীতি সফল হবে।

হালিমা-খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুর রহমান পলাশ বলেন, তাদের সংগঠন শুধু ঈদের সময় নয়, সারা বছরই অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে। ভবিষ্যতে শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ নানা সামাজিক কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা উপস্থিত সুবিধাভোগীদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন।