মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের প্রতি সরাসরি সমর্থন ও সংহতি প্রকাশ করেছে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র চীন। দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় বিপুল সংখ্যক শিক্ষার্থীর প্রাণহানির ঘটনায় ২ লাখ ডলারের জরুরি মানবিক সহায়তা ঘোষণা করেছে বেইজিং।
শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এক বিবৃতিতে এই নৃশংস হামলাকে আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে অভিহিত করেন। তিনি জানান, এই সহায়তা রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ভুক্তভোগী পরিবারগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে। বেইজিংয়ের মতে, নিরপরাধ শিশুদের ওপর এমন আঘাত কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এই কঠিন সময়ে ইরানের জনগণের পাশে থাকা তাদের মানবিক দায়িত্ব।
গত ২৮ ফেব্রুয়ারি মিনাব শহরের শাজারাহ তায়্যিবাহ প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়লে ১৬৫ জন শিশুসহ অন্তত ১,৩০০ মানুষ প্রাণ হারান। চীন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার ওপর জোর দিয়েছে। একইসঙ্গে সামরিক শক্তি প্রদর্শনের বদলে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের এবং অবিলম্বে সব ধরণের সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে বেইজিং। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে চীনের এই প্রকাশ্য অবস্থান নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।