ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালে কোটি টাকার স্বর্ণ ও ইলেকট্রনিক্স পণ্যসহ যুবক আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১ কোটি ৬ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, ল্যাপটপ ও মোবাইল ফোনসহ রাসেল আহমেদ (২৯) নামে এক যুবককে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। রোববার (১৫ মার্চ) সকালে বিমানবন্দরের আগমনী ক্যানোপি-১ এলাকা থেকে তাকে আটক করা হয়।

এপিবিএন সূত্রে জানা গেছে, আগমনী টার্মিনালের বাইরের সড়কে পুলিশের উপস্থিতি দেখে রাসেল পালানোর চেষ্টা করলে তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তার কাঁধব্যাগ তল্লাশি করে ৫০০ গ্রাম স্বর্ণালংকার, ৬টি মোবাইল ফোন এবং ৩টি ল্যাপটপ উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬ লাখ ৪১ হাজার ৯১০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল জানান, তিনি দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের ‘রিসিভার’ হিসেবে কাজ করছেন। বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে আনা এসব পণ্য তিনি সংগ্রহ করতেন। এপিবিএনের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, রাসেলের বিরুদ্ধে বিমানবন্দর থানায় চোরাচালান আইনে মামলা দায়ের করা হয়েছে।