জয়পুরহাটের কালাই উপজেলায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় নিজ পিতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের বফলগাড়ী গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। হামলায় অভিযুক্তের মা ও বোনও গুরুতর আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম আক্কাস আলী। অভিযুক্ত ছেলে গোলাপ হোসেনকে (২৫) ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গোলাপ তার বাবার কাছে আলু বিক্রির টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার দাবি করে আসছিল। আক্কাস আলী মোটরসাইকেল কিনে দিতে অপারগতা প্রকাশ করলে গোলাপ ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ঘর থেকে দা ও লাঠি নিয়ে সে তার বাবার ওপর এলোপাতাড়ি হামলা চালায়। তাকে বাঁচাতে মা ও বোন এগিয়ে এলে গোলাপ তাদেরও পিটিয়ে জখম করে।
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক আক্কাস আলীকে মৃত ঘোষণা করেন। কালাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ছেলেকে আটক করেছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।