বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস.এম.এ ফায়েজ তার পদ থেকে অব্যাহতি চেয়েছেন। সোমবার (১৬ মার্চ) সকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্র জমা দেন।
অব্যাহতিপত্রে ড. ফায়েজ উল্লেখ করেন যে, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর তিনি ইউজিসির চেয়ারম্যান হিসেবে যোগদান করেছিলেন। কিন্তু বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে এই পদের গুরুদায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় মানবিক ও শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই ইউজিসি চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হতে পারে বলে প্রশাসনিক মহলে গুঞ্জন চলছিল। সম্প্রতি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উচ্চশিক্ষা খাতে প্রশাসনিক গতিশীলতা আনতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন। ড. ফায়েজের এই পদত্যাগের ফলে ইউজিসির পরবর্তী নেতৃত্বে কে আসছেন, তা নিয়ে এখন চলছে জল্পনা।