পদ্মা সেতুর সুফল পেলেও ঢাকা-শরীয়তপুর চার লেন সংযোগ সড়কের নির্মাণকাজ ছয় বছরেও শেষ না হওয়ায় যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শরীয়তপুরবাসীকে। ২০২০ সালে শুরু হওয়া ২৭ কিলোমিটারের এই প্রকল্পে জমি অধিগ্রহণ জটিলতায় এখনো ছয় কিলোমিটার এলাকা নাজুক অবস্থায় পড়ে আছে।
শরীয়তপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ জানিয়েছে, প্রকল্পের মেয়াদ ইতিমধ্যে একবার বাড়ানো হলেও আগামী জুনে দ্বিতীয় দফার মেয়াদ শেষ হতে যাচ্ছে। কিন্তু ১০৫ হেক্টর জমি অধিগ্রহণের কাজ জেলা প্রশাসন পুরোপুরি শেষ করতে না পারায় ঠিকাদাররা কাজ এগোতে পারছেন না। বিশেষ করে জাজিরার রসের মোড়, টিঅ্যান্ডটি থেকে নাওডোবা এবং কীর্তিনাশা নদীর ওপর কাজিরহাট সেতু এলাকায় কাজ থমকে আছে।
পদ্মা সেতু চালুর পর এই সড়কে মাদারীপুর, বরিশাল ও চাঁদপুরের যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহনের চাপ কয়েকগুণ বেড়েছে। ভাঙাচোরা ও সরু রাস্তায় যানবাহন বিকল হয়ে প্রতিনিয়ত দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চালক ও যাত্রীরা। সওজ নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, প্রকল্পের মেয়াদ আরও এক বছর বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়েছে।