সংযুক্ত আরব আমিরাতের প্রধান তেল রপ্তানি কেন্দ্র ফুজাইরাহ শিল্পাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে ওমান উপসাগরের তীরে অবস্থিত এই গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলার পর বিশাল অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমিরাত কর্তৃপক্ষ সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করলেও কয়েক ঘণ্টা পর বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।
আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের তৃতীয় সপ্তাহে এই হামলাটি চালানো হলো। গত সপ্তাহে আমিরাতের রুওয়াইস তেল শোধনাগারে হামলার পর এটি দ্বিতীয় বড় আঘাত। হরমুজ প্রণালি যুদ্ধের কারণে প্রায় অচল হয়ে পড়ায় ফুজাইরাহ বন্দরের গুরুত্ব বর্তমানে অপরিসীম।
হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও জ্বালানি স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের এই ধারাবাহিক হামলা আমিরাতের অর্থনীতি ও বাণিজ্যিক বিমান চলাচলের ওপর তীব্র চাপ সৃষ্টি করেছে।