ঈদের ছুটিকে কেন্দ্র করে বিদেশ ভ্রমণের পরিকল্পনাকারীদের জন্য সুখবর দিয়েছে বৈশ্বিক পাসপোর্ট সূচক। হেনলি অ্যান্ড পার্টনার্সের ২০২৬ সালের হালনাগাদ তথ্য অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টধারীরা এখন বিশ্বের ৩৭টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পাচ্ছেন।
তালিকায় দেখা গেছে, গত বছরের তুলনায় বাংলাদেশের পাসপোর্টের মান দুই ধাপ উন্নত হয়েছে। ৯৫তম স্থান থেকে এগিয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান ৯৩তম। মূলত দক্ষিণ এশিয়া, আফ্রিকা এবং ওশেনিয়া অঞ্চলের বেশ কিছু দেশ বাংলাদেশিদের জন্য অন-অ্যারাইভাল ও ভিসা-মুক্ত সুবিধা দিচ্ছে।
ভিসা-মুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—ভুটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, কেনিয়া, ফিজি এবং বাহামা। এছাড়া বার্বাডোজ, ডোমিনিকা, হাইতি, জ্যামাইকা এবং ত্রিনিদাদ ও টোবাগোর মতো ক্যারিবীয় দেশগুলোতেও আগাম ভিসা ছাড়া যাওয়ার সুযোগ রয়েছে। তালিকার বাকি দেশগুলোর মধ্যে রয়েছে বুরুন্ডি, কম্বোডিয়া, মাদাগাস্কার, মোজাম্বিক ও রুয়ান্ডাসহ ওশেনিয়া অঞ্চলের বেশ কিছু দ্বীপরাষ্ট্র।
সূচক অনুযায়ী, বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। যৌথভাবে দ্বিতীয় অবস্থানে আছে জাপান ও দক্ষিণ কোরিয়া। তৃতীয় স্থানে রয়েছে সুইডেন ও সংযুক্ত আরব আমিরাত।
তবে মনে রাখতে হবে, ভিসা-মুক্ত সুবিধার তালিকায় থাকা দেশগুলোর মধ্যে কয়েকটিতে বিমানবন্দরে পৌঁছানোর পর ‘অন-অ্যারাইভাল’ ভিসা নিতে হবে। আবার কিছু দেশের ক্ষেত্রে ভ্রমণের আগে অনলাইনের মাধ্যমে ই-ভিসা সংগ্রহ করা বাধ্যতামূলক।