পবিত্র মাহে রমজান উপলক্ষে শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নে বিশিষ্ট সমাজসেবক ও যুবদল নেতা এ্যাড. মৃধা নজরুল কবিরের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ ২০২৬) বিকেলে তাঁর নিজ বাসভবনে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোফাজ্জেল হোসেন ফকির, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. জাহাঙ্গীর আলম কাশেম, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিন্টু কাজীসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আইনজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা।
ইফতারের পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, রমজান মাস আমাদের ধৈর্য ও সহমর্মিতার শিক্ষা দেয় এবং এই সময়ে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি সামর্থ্যবান মানুষের দায়িত্ব।
অনুষ্ঠানের আয়োজক এ্যাড. মৃধা নজরুল কবির উপস্থিত অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, রমজান মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধকে জাগ্রত করে। তিনি ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সকলের কাছে দোয়া কামনা করেন।
পরিশেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এরপর উপস্থিত সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন।
অনুষ্ঠানে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।