ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে আওয়ামীলীগ ক্লাব দখল করে ব্যবসায়িক গুদামঘরে চাঞ্চল্যের সৃষ্টি

শরীয়তপুরের সখিপুর থানার আরশিনগর ইউনিয়নে একটি আওয়ামী লীগের ক্লাব দখল করে গুদামঘর তৈরির অভিযোগ উঠেছে বিএনপির দুই কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।
অভিযোগ রয়েছে, মৃধা কান্দি মেইন সড়কের পাশে অবস্থিত দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ওই ক্লাবঘরটি দখল করে সেখানে কৃষিপণ্য মজুত করে গুদাম হিসেবে ব্যবহার করছেন ইউনিয়ন বিএনপির কর্মী মনোয়ার বালা ও পারভেজ সিকদার।
স্থানীয় সূত্র জানায়, বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সাধারণ মানুষ ও বাজারের ব্যবসায়ীরা এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
তাদের অভিযোগ, একটি রাজনৈতিক দলের ক্লাব দখল করে ব্যক্তিগত গুদাম হিসেবে ব্যবহার করা অনৈতিক ও বেআইনি। এতে এলাকার রাজনৈতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অপ্রয়োজনীয় উত্তেজনা তৈরি হচ্ছে।
স্থানীয়দের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। তারা আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া জরুরি।
এদিকে অনেকেই মনে করছেন, এ ঘটনা একটি রাজনৈতিক দলের ভাবমূর্তির সঙ্গেও জড়িত। দলের নাম ব্যবহার করে কেউ যদি এমন কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে তা দলের জন্যও ক্ষতিকর হতে পারে।
তবে অভিযুক্ত মনোয়ার বালা ও পারভেজ সিকদারের বক্তব্য এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।