ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে নতুন সাজে নড়িয়ার ফেন্টাসি কিংডম

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নতুন সাজে সেজে উঠেছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার জনপ্রিয় বিনোদন কেন্দ্র মর্ডান ফেন্টাসি কিংডম ও মিনি চিড়িয়াখানা। দর্শনার্থীদের জন্য নিরাপদ ও আনন্দময় পরিবেশ নিশ্চিত করতে জোর প্রস্তুতি চলছে।

কলুকাঠি গ্রামে অবস্থিত এই বিনোদন কেন্দ্রে রয়েছে আকর্ষণীয় ৩৩টি রাইড। ঈদ উপলক্ষে প্রতিটি রাইড নতুন করে রং করা, পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং প্রয়োজনীয় মেরামতের মাধ্যমে সম্পূর্ণ নিরাপদ করে তোলা হয়েছে।

সবুজে ঘেরা বিশাল এই বিনোদন কেন্দ্রটি প্রাকৃতিক পরিবেশ, নির্মল বাতাস ও শান্ত পরিবেশের জন্য বিশেষভাবে পরিচিত। এখানে এসে দর্শনার্থীরা পরিবারের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর পাশাপাশি মানসিক প্রশান্তিও পান।
দেশবরেণ্য হারবাল গবেষক ডাঃ আলমগীর মতি ২০০৬ সালে তার পৈত্রিক জায়গাসহ প্রায় ৪০ একর জমির ওপর এই বিনোদন কেন্দ্র গড়ে তোলেন। দীর্ঘ ২০ বছরের নিরলস প্রচেষ্টায় এটি বর্তমানে প্রায় ১১০ একর জায়গাজুড়ে দক্ষিণাঞ্চলের অন্যতম বড় বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী পরিবার-পরিজন নিয়ে এখানে ভিড় করেন। শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষের জন্য নিরাপদ বিনোদনের সুযোগ থাকায় দিন দিন এর জনপ্রিয়তা বাড়ছে।

ঈদ উপলক্ষে দিন-রাত কাজ করে কেন্দ্রটিকে শতভাগ প্রস্তুত করতে ব্যস্ত রয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। সংশ্লিষ্টরা আশা করছেন, ঈদের দিন থেকে শুরু করে পুরো সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লাখ দর্শনার্থী এখানে আসবেন।

আয়োজকরা জানান, মানুষের সুস্থ ও আনন্দময় জীবন গড়ে তুলতে এমন বিনোদন কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।