ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি দাবি নাকচ: পুরোদমে ক্ষেপণাস্ত্র উৎপাদন চলছেই, জানাল ইরান

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি সরাসরি প্রত্যাখ্যান করে ইরান জানিয়েছে, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা বিন্দুমাত্র কমেনি, বরং যুদ্ধের মধ্যেই উৎপাদনের গতি আরও বাড়ানো হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) ইরানের রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়েইনি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘ইরান’-এ দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তেহরান বর্তমানে নিয়মিতভাবে উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র তৈরি ও মজুদ করে চলেছে।

সম্প্রতি নেতানিয়াহু দাবি করেছিলেন যে, ইরানি সামরিক স্থাপনায় হামলার ফলে তেহরানের ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। এই দাবিকে ‘ভুয়া’ আখ্যা দিয়ে জেনারেল নায়েইনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র শিল্পের বর্তমান অবস্থা ‘নিখুঁত’। যুদ্ধের প্রতিকূল পরিস্থিতির মধ্যেও উৎপাদনে কোনো ধরনের বাধার সম্মুখীন হতে হচ্ছে না বলে তিনি দাবি করেন।

ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি চলমান সংঘাত নিয়ে কড়া বার্তা দিয়েছেন এই জেনারেল। তিনি স্পষ্ট করেন যে, ইরান দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য প্রস্তুত। নায়েইনি বলেন, “এই যুদ্ধ এখনই থামছে না। শত্রু পক্ষ সম্পূর্ণ নিঃশেষ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়াই জনগণের প্রত্যাশা।”

মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনার পারদ তুঙ্গে, তখন ইরানের এই ঘোষণা ইসরায়েল ও তার মিত্র দেশগুলোর জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একদিকে ইসরায়েল ইরানের সামরিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার দাবি করছে, অন্যদিকে তেহরান তাদের ক্রমবর্ধমান সামরিক শক্তির জানান দিয়ে সেই দাবিকে চ্যালেঞ্জ জানাচ্ছে।