ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুমাতুল বিদায় মসজিদে মুসল্লিদের ঢল, দেশ ও উম্মাহর কল্যাণে মোনাজাত

পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার (২০ মার্চ) জুমাতুল বিদা উপলক্ষে রাজধানীসহ সারাদেশের মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সিয়াম সাধনার মাস বিদায়ের প্রাক্কালে আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনায় ব্যাকুল ছিলেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

শুক্রবার দুপুরে রাজধানীতে বৃষ্টির বাগড়া থাকলেও তা উপেক্ষা করেই মসজিদে ছুটে আসেন ইবাদতকারীরা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খতিব আল্লামা মুফতি আবদুল মালেক।

মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও ভ্রাতৃত্ববোধ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা এবং আসন্ন ঈদুল ফিতর যেন সবার জন্য আনন্দ ও সুখ বয়ে আনে, সেই আকুতি জানান মুসল্লিরা।

নামাজ শেষে অনেক মুসল্লিকে দীর্ঘ সময় মসজিদে অবস্থান করে নফল ইবাদত ও তসবিহ পাঠে মগ্ন থাকতে দেখা গেছে। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরের মসজিদগুলোতে জুমাতুল বিদা উপলক্ষে বিশেষ নিরাপত্তা ও শৃঙ্খলার মধ্য দিয়ে নামাজ সম্পন্ন হয়েছে।