ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাধারণ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন হুইপ অপু

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে নিজ নির্বাচনী এলাকা শরীয়তপুর-৩ (গোসাইরহাট-ডামুড্যা-ভেদরগঞ্জ) পরিদর্শনে গিয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। শনিবার (২১ মার্চ) বিকেল থেকে রাত পর্যন্ত তিনি এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ডামুড্যা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ পয়েন্টে সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং শ্রমজীবীদের সঙ্গে আলাপ করেন হুইপ অপু। এ সময় তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখের খোঁজখবর নেন এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড ও সামাজিক নিরাপত্তা বিষয়ক সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন। জনগণের দাবির প্রেক্ষিতে তিনি দ্রুত সমাধানের আশ্বাসও প্রদান করেন।

সাক্ষাৎকালে হুইপ অপু বলেন, “ঈদ কেবল একটি ধর্মীয় উৎসব নয়; এটি মানুষের মাঝে ভালোবাসা, সম্প্রীতি ও সহমর্মিতা জাগ্রত করার এক বড় উপলক্ষ।” তিনি সমাজের বিত্তবান ও দরিদ্রের ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে উৎসব উদযাপনের আহ্বান জানান।

পরে সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত কোদালপুর বাজার বিএনপি কার্যালয়ে তিন উপজেলার নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।