দেশের শিল্প ও গৃহস্থালি খাতে জ্বালানি হিসেবে বহুল ব্যবহৃত এলপি গ্যাসের বাজার স্থিতিশীল রাখতে ভ্যাট বা মূল্য সংযোজন কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (১৬ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এলপিজি উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে বিদ্যমান ৭.৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ের ২ শতাংশ আগাম কর প্রত্যাহার করা হয়েছে। পরিবর্তে আমদানি পর্যায়ে নতুন করে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। এর ফলে স্থানীয় উৎপাদন ও বিক্রয় পর্যায়ে যে মূল্য সংযোজন হবে, তার ওপর আর বাড়তি কোনো ভ্যাট কার্যকর থাকবে না। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সুপারিশ এবং এলপিজি অপারেটরস আসোসিয়েশনের (LOAB) আবেদনের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, এতে সাধারণ ভোক্তাদের ওপর ভ্যাটের বোঝা আগের তুলনায় প্রায় ২০ শতাংশ কমবে। এই সুবিধা চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।