ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার হওয়া মূল অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। রোববার (২২ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
ডিবি প্রধান জানান, মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দেখভাল করছে। আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে সিআইডি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। গত ৮ মার্চ পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা থেকে মূল অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। রোববার তাদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে প্রধান আসামি ফয়সাল নিজেকে নির্দোষ দাবি করেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগরে মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদির মৃত্যু হয়।