ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রখ্যাত সার্জন ডা. রুবেলের মৃত্যুতে শোকের ছায়া

বাংলাদেশের চিকিৎসা অঙ্গনের সুপরিচিত মুখ অধ্যাপক ডা. এএমএসএম শরফুজ্জামান রুবেল আর নেই। তার মৃত্যুতে চিকিৎসক সমাজ, সহকর্মী এবং অসংখ্য রোগীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

অধ্যাপক ডা. রুবেল দীর্ঘদিন ধরে ঢাকা বিভাগের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছিলেন। বিশেষ করে জেনারেল সার্জারি ক্ষেত্রে তার দক্ষতা ও অভিজ্ঞতা ছিল অসাধারণ। তিনি পপুলার মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে যুক্ত থেকে অত্যন্ত দক্ষতার সঙ্গে জটিল ও গুরুত্বপূর্ণ সার্জিক্যাল অপারেশন সম্পন্ন করেছেন। জটিল রোগের চিকিৎসা থেকে শুরু করে সাধারণ সার্জারিতেও তার নিখুঁত চিকিৎসা পদ্ধতি ও আন্তরিকতা তাকে ঢাকার অন্যতম সেরা জেনারেল সার্জন হিসেবে পরিচিতি এনে দেয়।

মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ব্যক্তিগত জীবনে তিনি সাবেক সংসদ সদস্য, বর্তমান জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালুর ভাতিজি জামাই ছিলেন। তিনি ১৯৫৯ সালের ৪ ফেব্রুয়ারি শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার ধনই গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন মরহুম ডা. শেখ আলী আকবর। এছাড়া তিনি বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা মরহুম শেখ আলী আশরাফের ভাতিজা।

মরহুমের প্রথম জানাজা আজ মঙ্গলবার বাদ জোহর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে অনুষ্ঠিত হবে। পরে শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার নিজ বাড়িতে বাদ আসর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে একজন দক্ষ চিকিৎসক, মানবিক মানুষ এবং নিবেদিতপ্রাণ সেবক হিসেবে স্মরণ করছেন।