আজ বুধবার (২৫ মার্চ) ভয়াল কালরাতের স্মরণে দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় গণহত্যা দিবস। তবে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ রাতে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক-আউট’ পালন করা হচ্ছে না বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে অপারেশন সার্চলাইটের নামে নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর চালানো ইতিহাসের অন্যতম বর্বরোচিত হত্যাযজ্ঞের স্মৃতি স্মরণে দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালিত হয়ে আসছে। তবে এবার কর্মসূচি নিয়ে শেষ মুহূর্তে কিছুটা পরিবর্তন এসেছে। গত সোমবার (২৩ মার্চ) এক তথ্য বিবরণীতে জানানো হয়েছিল, আজ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত জরুরি স্থাপনা ও বিদেশি মিশন ব্যতীত সারাদেশে প্রতীকী ব্ল্যাক-আউট পালন করা হবে।
কিন্তু গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সাংবাদিকদের জানান, পূর্বনির্ধারিত এই ১ মিনিটের ব্ল্যাক-আউট কর্মসূচিটি পালিত হচ্ছে না। ঠিক কী কারণে এই কর্মসূচি বাতিল করা হয়েছে, সে বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস, পিলখানা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও নীলক্ষেতসহ দেশের বিভিন্ন স্থানে ট্যাংক ও ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি সেনারা। সেই রাতে প্রাণ হারান অগণিত বুদ্ধিজীবী, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ। সেই নিষ্ঠুরতা দমনে চট্টগ্রামের ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিরোধই পরবর্তীতে রূপ নেয় ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধে।
দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে সারাদেশে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ প্রামাণ্যচিত্র ও আলোকচিত্র প্রদর্শনী। শোক ও শ্রদ্ধার সাথে জাতি স্মরণ করছে সেই বীরদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আজকের স্বাধীনতা।