চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনের পাওয়ার কার ও একটি এসি বগিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট বিএমএ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে দ্রুত ট্রেন থামিয়ে দেওয়ায় বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্র জানায়, ট্রেনটি সীতাকুণ্ড এলাকা অতিক্রম করার সময় হঠাৎ পাওয়ার কার (ইঞ্জিন সংশ্লিষ্ট বিদ্যুৎ সরবরাহকারী বগি) থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন পাশের একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগিতে ছড়িয়ে পড়ে। এতে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ট্রেনটি থামলে অনেকেই হুড়োহুড়ি করে নিচে নেমে আসেন।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে কুমিরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ট্রেনের পাওয়ার কার ও পাশের এসি বগিটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করার প্রক্রিয়া চলছে।