রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে বাস তলিয়ে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে আরও তিনজনের মরদেহ উদ্ধার করলে প্রাণহানির এই নতুন তথ্য নিশ্চিত হয়।
উদ্ধারকৃত ২৬ জনের মধ্যে ১১ জন নারী, ৭ জন পুরুষ এবং ৮ জন শিশু রয়েছে। নিহতদের সবার পরিচয় শনাক্ত করা হয়েছে এবং ইতিমধ্যে ২৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে স্থানীয় প্রশাসন।
উল্লেখ্য, গতকাল বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর পন্টুন থেকে ঢাকাগামী ‘সৌহার্দ্য পরিবহন’-এর বাসটি ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে ছিটকে নদীতে পড়ে যায়। প্রায় ৬ ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ১১টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সাহায্যে বাসটি পানি থেকে তোলা হয়। ঘটনার সময় বাসে থাকা যাত্রীদের মধ্যে মাত্র ৫ থেকে ৭ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় এবং রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত এই দুই কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান গত রাতে ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।