ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে স্বর্ণের বড় দরপতন, দেশের বাজারেও কমার আভাস

টানা দুই সেশন বাড়ার পর বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৭৬ দশমিক ৫১ ডলারে দাঁড়িয়েছে। একই সাথে নিম্নমুখী রয়েছে রুপাসহ অন্যান্য মূল্যবান ধাতুর দামও।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিতের অপেক্ষায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে থাকায় এই দরপতন ঘটেছে। মার্কিন স্বর্ণের ফিউচারও ২ দশমিক ১ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৪৫৭ ডলারে নেমেছে। বাজার বিশ্লেষক কাইল রড্ডা জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার ভূ-রাজনৈতিক খবরের ওপরই স্বর্ণের পরবর্তী গতিপথ নির্ভর করবে।

এদিকে, বিশ্ববাজারে দাম কমায় দেশের বাজারেও স্বর্ণের দাম আরেক দফা কমানোর ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির সূত্রমতে, আন্তর্জাতিক বাজারে মূল্যের প্রভাব স্থানীয় বাজারে সরাসরি পড়ে। উল্লেখ্য, ইতিমধ্যে টানা ৬ দফায় দেশের বাজারে স্বর্ণের দাম মোট ২৮ হাজার ৯৮৫ টাকা কমানো হয়েছে। বর্তমানে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা প্রায় না থাকা এবং ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যাওয়া বৈশ্বিক অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টি করেছে। তবে মুদ্রাস্ফীতি বাড়লেও উচ্চ সুদের হারের কারণে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ কিছুটা কমেছে। বিশ্ববাজারে আজ রুপার দাম ১ দশমিক ৯ শতাংশ এবং প্লাটিনামের দাম ১ দশমিক ৪ শতাংশ কমেছে।