শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় রাজনৈতিক বিরোধ মীমাংসার কথা বলে ডেকে নিয়ে বিএনপির ছয় কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ধানকাঠি ইউনিয়নের চৌধুরী বাড়ি এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন— মালেক খান (৪০), নজরুল সরদার (২২), রমজান সরদার (৩৫), সামছুল সরদার (২৮), আলমগীর সরদার (৩২) ও মহাসিন সরদার (২৯)। তাদের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
অভিযোগ রয়েছে, ধানকাঠি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শাওন ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছেন। হামলার পর শাওন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে দাবি করেন, স্থানীয় সংসদ সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর নাম ভাঙিয়ে ওই কর্মীরা তাকে মারতে এসেছিল।
এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত শাওনের বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং সহযোগীদের বাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ডামুড্যা থানার ওসি মো. রবিউল হক জানান, ইতিমধ্যে এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে এবং বাকিদের গ্রেফতারে অভিযান চলছে। বর্তমানে এলাকায় থমথমে উত্তেজনা বিরাজ করছে।