ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তেল সংকটের প্রভাব বিয়েতে: গাড়ি না পেয়ে ইজিবাইকেই বরযাত্রা

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকটের আঁচ এবার লাগল বিয়ের আসরেও। জ্বালানি তেলের তীব্র সংকটে ভাড়ায় কোনো মাইক্রোবাস বা কার না পেয়ে অবশেষে ইজিবাইকেই (টমটম) চড়ে বিয়ে করতে গেলেন এক তরুণ।

ঘটনাটি ঘটেছে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায়। বর শাহিন আলম উপজেলার মধ্য বেতছড়ি এলাকার বাসিন্দা। শুক্রবার (২৭ মার্চ) জেলা সদরের গঞ্জপাড়ায় তার বিয়ে সম্পন্ন হওয়ার কথা ছিল। বর শাহিনের বাড়ি থেকে কনের বাড়ির দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার।

শাহিন আলম জানান, জ্বালানি সংকটের কারণে স্থানীয় কোনো রেন্ট-এ-কার চালক গাড়ি চালাতে রাজি হননি। বাধ্য হয়ে নির্ধারিত সময়ে বিয়ে করতে তিনি ব্যাটারিচালিত ইজিবাইক ভাড়া করেন। কয়েকজন স্বজন মোটরসাইকেলে গেলেও বাকি বরযাত্রীদের নিয়ে ইজিবাইকের বহর নিয়েই পাহাড়ি পথ পাড়ি দেন তিনি।

দীঘিনালার উঁচু-নিচু পাহাড়ি সড়কে সাধারণত ইজিবাইক চলাচল ঝুঁকিপূর্ণ হলেও নিরুপায় হয়েই এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানান বর। স্থানীয়দের মাঝে এই ‘টমটম বরযাত্রা’ ব্যাপক কৌতুহল ও আলোচনার সৃষ্টি করেছে। এদিকে, তেলের সংকটকে পুঁজি করে খাগড়াছড়িতে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলেছেন স্থানীয়রা।