জ্বালানি তেলের তীব্র সংকটে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় শরীয়তপুরে ক্ষুব্ধ কৃষকরা একটি ফিলিং স্টেশন ঘেরাও করে বিক্ষোভ করেছেন। গতকাল শনিবার (২৮ মার্চ) রাত ৯টার দিকে শহরের মনোহর মোড় এলাকার একটি পাম্পে এই ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে জেলায় জ্বালানি তেলের সরবরাহ অস্বাভাবিক থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন কৃষক ও পরিবহন চালকরা। পাম্পে তেল আসার খবর পেয়ে বিভিন্ন এলাকা থেকে ড্রাম ও পাত্র নিয়ে কৃষকরা ভিড় করলেও কর্তৃপক্ষ তেল দিতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষুব্ধ হয়ে কৃষকরা পাম্প ঘেরাও করে দ্রুত সরবরাহের দাবি জানান।
খবর পেয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাফিস এলাহি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি জানান, খোলা পাত্রে তেল বিক্রি নিষিদ্ধ থাকায় কর্তৃপক্ষ প্রথমে তেল দিতে চায়নি। পরে পাম্পের রিজার্ভ পরীক্ষা করে লাইনে দাঁড়ানো প্রত্যেক কৃষককে সর্বোচ্চ ৫ লিটার করে তেল সরবরাহের ব্যবস্থা করা হয়। প্রশাসনের হস্তক্ষেপে রাত ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে কৃষকদের দাবি, ৫ লিটার তেলে সেচ কাজ চালানো অসম্ভব; দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে ফসলহানির শঙ্কা রয়েছে।