ফরিদপুরে কৃত্রিম সংকট দেখিয়ে বন্ধ রাখা দুটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে প্রায় ৫৪ হাজার লিটার জ্বালানি তেলের অবৈধ মজুত উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার (২৮ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা সদরের বিভিন্ন পাম্পে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন কানাইপুর এলাকার ‘হোসেন ফিলিং স্টেশনে’ অভিযান চালিয়ে ২৮ হাজার লিটার তেল পাওয়া যায়, যার মধ্যে পেট্রোল, অকটেন ও ডিজেল রয়েছে। পাম্পটি বন্ধ রেখে ভোক্তা পর্যায়ে তেল সরবরাহ না করার অপরাধে এর ম্যানেজার সাবির চৌধুরীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই মহাসড়কের ‘রয়েল ফিলিং স্টেশনে’ অভিযান চালিয়ে আরও ২৫ হাজার ৯০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়। যান্ত্রিক ত্রুটির অজুহাত দেখিয়ে ক্ষমা প্রার্থনা করায় এই পাম্পটিকে অর্থদণ্ড না দিলেও তাৎক্ষণিকভাবে ভোক্তাদের তেল সরবরাহের নির্দেশ দেওয়া হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেসকাতুল জান্নাত রাবেয়া জানান, জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনের এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত তেল বর্তমানে সাধারণ ভোক্তাদের মাঝে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।