জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন হাতিয়া থেকে নির্বাচিত এনসিপির সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। রোববার (২৯ মার্চ) সংসদ অধিবেশনে তিনি বলেন, “জেন-জি প্রজন্ম আর ১৯৭২ সালের সংবিধান চায় না।” নিজেকে বাংলাদেশের ইতিহাসের কনিষ্ঠতম সংসদ সদস্য দাবি করে তিনি তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন।
হান্নান মাসউদ বলেন, “আমি এই সংসদে জেন-জি প্রজন্মের প্রতিনিধিত্ব করছি। স্বাধীনতার ৩০ বছর পর জন্ম নেওয়া এই প্রজন্ম কেন তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হলো, সেই জবাব তারা জানতে চায়।” তিনি আক্ষেপ করে বলেন, পূর্বপুরুষদের আত্মত্যাগের বিনিময়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রত্যাশা থাকলেও তা এখনো পুরোপুরি অর্জিত হয়নি।
বক্তব্যের একপর্যায়ে তিনি নিজের নির্বাচনী এলাকায় দায়িত্ব পালনকালে একাধিকবার হামলার শিকার হওয়ার অভিযোগ আনেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। একটি ধর্ষণের ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, ভুক্তভোগীরা এখনো ন্যায়বিচার পাচ্ছে না। তিনি অবিলম্বে দেশে সন্ত্রাস ও সহিংসতা বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যকর হস্তক্ষেপ দাবি করেন।