ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুর তেলের দামে কারচুপি: জরিমানা, জব্দ ডিজেল

জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলায় বিভিন্ন ফিলিং স্টেশনে মনিটরিং অভিযান পরিচালনা করা হয়েছে।


শনিবার (২৮ মার্চ ২০২৬) পরিচালিত এ অভিযানে পেট্রোল, অকটেন ও ডিজেলের মজুদ, চাহিদা এবং সরবরাহ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।
অভিযান চলাকালে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি রোধে ফিলিং স্টেশনগুলোকে কঠোরভাবে সতর্ক করা হয়। পাশাপাশি সাধারণ ক্রেতাদেরও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়, যাতে বাজারে অস্থিরতা না তৈরি হয়।
এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে অকটেন বিক্রির অভিযোগে ভেদরগঞ্জের মেসার্স সোহাগ ট্রেডার্সকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নির্ধারিত মূল্যের বেশি দামে ডিজেল বিক্রি, ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করা এবং লাইসেন্স ছাড়া জ্বালানি মজুদ ও বিক্রির অপরাধে সখিপুরের মেসার্স ভাই ভাই ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি থেকে প্রায় ৪০০ লিটার (২ ড্রাম) ডিজেল জব্দ করা হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, জনদুর্ভোগ কমানো এবং জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।