শরীয়তপুর সদর উপজেলার ভাষানচরের বাসিন্দা বাবুল ফকিরকে পূর্ব শত্রুতার জেরে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাবুল ফকিরের স্ত্রী সাথী বেগম শুক্রবার (২৭ মার্চ) শরীয়তপুর মডেল থানায় এজাহার দায়ের করেছেন। এজাহারে আসামি হিসেবে স্থানীয় কয়েকজন হাওলাদার পরিবারের সদস্য এবং ৩–৪ জন অজ্ঞাত পরিচয়ের লোককে নাম উল্লেখ করা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, বাবুল ফকির ও আসামিদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল। অভিযোগ, ২৬ মার্চ সকাল ১০:৩০ মিনিটে বাবুল ফকির সরিষা বিক্রি করে বাড়ি ফেরার পথে চরপাতাং এলাকায় আসামিরা ধারালো ছ্যানদা, লোহার হাতুড়ী, লোহার রড ও কাঠের লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে তার পথরোধ করে।
হামলার সময় বাবুল ফকিরকে বেধড়ক মারধর করা হয়। এতে তার মাথা, বাম হাত এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। বিশেষ করে বাম হাতের নলীতে হাড় ভেঙে যায় এবং দুই পা পর্যন্ত মারধরের অভিযোগ রয়েছে। এছাড়া একজন আসামী তার নগদ ৪০,০০০ টাকা নিয়ে যায়।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে বাবুল ফকিরকে উদ্ধার করে অটোগাড়ীতে হাসপাতালে ভর্তি করেন।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।