ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে নবাব মীর জাফরের ৩৪৬ জন বংশধরের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ঐতিহাসিকভাবে প্রভাবশালী এই পরিবারের সদস্যদের নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ হিসেবে চিহ্নিত করার পর চূড়ান্ত তালিকা থেকে মুছে ফেলা হয়। মঙ্গলবার (৩১ মার্চ) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।
পরিবারটির পক্ষ থেকে ৮২ বছর বয়সী সৈয়দ রেজা আলি মির্জা (যিনি ‘ছোটে নবাব’ নামে পরিচিত) জানান, তার পরিবারের ৯ জন সদস্যসহ শতাধিক আত্মীয়ের নাম তালিকা থেকে বাদ পড়েছে। তার ছেলে ও তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ ফাহিম মির্জা বিস্ময় প্রকাশ করে বলেন, ২০০২ সালের ভোটার তালিকাতেও তাদের নাম ছিল, কিন্তু হঠাৎ এই সিদ্ধান্তে তারা হতবাক।
মুর্শিদাবাদের লালবাগ এলাকার এই বাসিন্দারা দাবি করেছেন, দেশভাগের সময় তাদের পূর্বপুরুষ ওয়াসিফ আলী মির্জা পাকিস্তানের প্রস্তাব প্রত্যাখ্যান করে ভারতেই থেকে গিয়েছিলেন। আগামী ২৩ এপ্রিল মুর্শিদাবাদে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভোটাধিকার ফিরে পেতে পরিবারটি এখন ট্রাইব্যুনালের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে। জেলা প্রশাসক আর. অর্জুন জানিয়েছেন, আনুষ্ঠানিক অভিযোগ পেলে আইনি প্রক্রিয়ায় তাদের সহায়তা করা হবে।