মাদারীপুরে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অজয় কুমার হাওলাদার (২৮) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার এলাকায় বিসমিল্লাহ অটো রাইস মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত অজয় বরগুনার পাথরঘাটা উপজেলার তালুকের চরদুয়ানা গ্রামের শৈলেন চন্দ্র হাওলাদারের ছেলে।
মস্তফাপুর হাইওয়ে থানা পুলিশ জানায়, একটি ট্রাক গ্যাস সিলিন্ডার নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী একটি পিকআপের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ও হেলপার গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক অজয়কে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় গুরুতর আহত হেলপারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। হাইওয়ে থানার ওসি মামুন আল রশিদ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।