ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩০ জুনের মধ্যে ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক: অমান্য করলে ৩০ লাখ টাকা জরিমানা

দেশের সব ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানের জন্য ‘বাংলা কিউআর’ কোড চালু করা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৩০ জুনের মধ্যে মার্চেন্ট পয়েন্টগুলোতে নিজস্ব কিউআর কোডের পরিবর্তে কেন্দ্রীয় ব্যাংকের এই অভিন্ন প্ল্যাটফর্ম চালু না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ৩০ লাখ টাকা জরিমানা করা হতে পারে।

বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট থেকে জারি করা এক সার্কুলারে এই কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, পরিশোধ ও নিষ্পত্তি সেবা আইন-২০২৪ অনুযায়ী নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে অর্থদণ্ড ছাড়াও তিন বছরের কারাদণ্ড কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে। বিষয়টি তদারকির জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটদেরও দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানান, ২০২৭ সালের মধ্যে দেশের মোট লেনদেনের ৭৫ শতাংশ ক্যাশলেস করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাংলা কিউআর-এর মূল উদ্দেশ্য হলো সব ব্যাংক ও এমএফএস অ্যাপের মাধ্যমে যেন গ্রাহক একটি অভিন্ন কিউআর স্ক্যান করেই অর্থ পরিশোধ করতে পারেন। লেনদেনে স্বচ্ছতা বাড়াতে এখন থেকে নতুন ট্রেড লাইসেন্স নেওয়া বা নবায়নের ক্ষেত্রেও কিউআর পেমেন্ট ব্যবস্থা থাকা বাধ্যতামূলক করা হয়েছে।