জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও অবৈধ মজুত ঠেকাতে অভিনব এক পদ্ধতি চালু করেছে শরীয়তপুর জেলা প্রশাসন। এখন থেকে জেলার যেকোনো ফিলিং স্টেশন থেকে তেল নিতে হলে বাইকারদের একটি বিশেষ ডিজিটাল অ্যাপের ফরম পূরণ করতে হচ্ছে। এই ব্যবস্থার ফলে একজন চালক দিনে কেবল একবারই তেল সংগ্রহ করতে পারবেন। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) জেলার পাম্পগুলোতে এই নিয়ম কার্যকর থাকতে দেখা গেছে।
জেলা প্রশাসন ও পাম্প সূত্র জানায়, ইসরায়েল-ইরান যুদ্ধ পরিস্থিতির কারণে তেলের সরবরাহ কমে যাওয়ায় কিছু অসাধু চক্র বিভিন্ন পাম্প ঘুরে ঘুরে অতিরিক্ত তেল সংগ্রহ করে মজুত করছিল। এটি ঠেকাতে জেলা প্রশাসক তাহসিনা বেগমের উদ্যোগে একটি বিশেষ ট্র্যাকিং অ্যাপ তৈরি করা হয়েছে। অ্যাপটিতে পাম্পের নাম, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ও জ্বালানির ধরন এন্ট্রি করা হয়। একবার তেল নেওয়ার পর দ্বিতীয়বার অন্য কোনো পাম্পে গিয়ে চেষ্টা করলে অ্যাপটি স্বয়ংক্রিয়াভাবে সংকেত দেয়।
ডেলিভারিম্যান ও সাধারণ বাইকাররা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলছেন, এতে লাইনে দাঁড়ানোর ভোগান্তি কমবে এবং প্রকৃত গ্রাহকরা তেল পাবেন। মেসার্স গ্লোরী ফিলিং স্টেশনের ম্যানেজার জানান, এই পদ্ধতির ফলে তেল সিন্ডিকেট ভাঙা সহজ হচ্ছে। জেলা প্রশাসন থেকে ট্যাগ অফিসারের মাধ্যমে সার্বক্ষণিক এই অ্যাপটি মনিটরিং করা হচ্ছে।