নারায়ণগঞ্জ শহরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। বুধবার (১ এপ্রিল) ভোররাতে শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সানি (১৯), আ. আহাদ (১৯), টুটুল মিয়া (২৭), মো. সাইফুল ইসলাম (২২), রায়হান বান্টি (৪৫), অমিত দে (২০) ও গোপাল দাস (২৩)। অভিযানকালে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বেশ কিছু দেশীয় সরঞ্জাম ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত শহরের বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়। সন্দেহজনকভাবে ঘোরাঘুরি ও ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করে বুধবারই আদালতে সোপর্দ করা হয়েছে।