ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাতিল হচ্ছে গণভোট ও গুম প্রতিরোধসহ ১৬টি অধ্যাদেশ, সংসদে বিশেষ কমিটির প্রতিবেদন

অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই শেষে গুরুত্বপূর্ণ ১৬টি অধ্যাদেশ বাতিলের সুপারিশ করেছে জাতীয় সংসদের বিশেষ কমিটি। বৃহস্পতিবার (২ এপ্রিল) সংসদ অধিবেশনে ১৩ সদস্যের এই কমিটির সভাপতি জয়নুল আবেদীন প্রতিবেদনটি উত্থাপন করেন।

কমিটির সুপারিশ অনুযায়ী, গণভোট, জাতীয় মানবাধিকার কমিশন এবং গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশসহ ১৬টি অধ্যাদেশ নির্ধারিত সময়ের মধ্যে সংসদে উত্থাপন করা হচ্ছে না। ফলে সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী আগামী ১২ এপ্রিলের মধ্যে এগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল বা ‘ল্যাপস’ হয়ে যাবে।

বিশেষ কমিটি জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ আইনগুলো এখনই বিল আকারে পাস না করে ভবিষ্যতে আরও যাচাই-বাছাই ও শক্তিশালী করে নতুনভাবে উত্থাপন করা প্রয়োজন। তবে কমিটির এই সুপারিশের ওপর জামায়াতে ইসলামীর তিন সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম খান ও গাজী নজরুল ইসলাম ১২টি অধ্যাদেশের বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত দিয়েছেন।

তালিকায় থাকা অন্যান্য অধ্যাদেশগুলোর মধ্যে রয়েছে— দুর্নীতি দমন কমিশন (সংশোধন), তথ্য অধিকার (সংশোধন), রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা, কাস্টমস ও আয়কর সংশোধন এবং মাইক্রো ফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ।

প্রতিবেদনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহে অনির্বাচিত প্রশাসক নিয়োগ সংক্রান্ত চারটি অধ্যাদেশের বিষয়েও আপত্তি জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের ‘কুদরত-ই-ইলাহী পনির বনাম বাংলাদেশ’ মামলার রায়ের আলোকে অনির্বাচিত প্রশাসক নিয়োগকে সংবিধানবিরোধী বলে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এই বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। কমিটির সুপারিশে বাকি ৯৮টি অধ্যাদেশ হুবহু বহাল রাখার এবং ১৫টি সংশোধনের প্রস্তাব করা হয়েছে।