ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি সাশ্রয়ে অফিসের সময় পুনর্নির্ধারণ, সন্ধ্যা ৬টায় বন্ধ হবে মার্কেট

জ্বালানি সাশ্রয় এবং মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব মোকাবিলায় সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তনসহ একগুচ্ছ কঠোর কৃচ্ছ্রসাধন ও ব্যয় সংকোচনমূলক পদক্ষেপ নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এবং সন্ধ্যা ৬টার পর সব মার্কেট ও বিপণিবিতান বন্ধ রাখতে হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ব্রিফিংয়ে বিস্তারিত জানান।

নতুন সময়সূচি অনুযায়ী, ব্যাংকগুলো সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গ্রাহক লেনদেন করবে এবং আনুষঙ্গিক কাজ শেষে ৪টার মধ্যে বন্ধ করতে হবে। তবে কাঁচাবাজার, ওষুধের দোকান এবং খাবারের দোকান এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। বাণিজ্য মন্ত্রণালয় বিষয়টি কঠোরভাবে মনিটর করবে।

সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতের বাজেট থেকে ৩০ শতাংশ ব্যয় কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া আগামী তিন মাসের জন্য নতুন সরকারি যানবাহন ও কম্পিউটার সামগ্রী কেনা নিষিদ্ধ করা হয়েছে। সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ এবং অভ্যন্তরীণ প্রশিক্ষণও ৫০ শতাংশ কমিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিবহন খাতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে সচিব জানান, বাণিজ্যিক ক্ষেত্রে নতুন ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক ২০ শতাংশ কমানো হবে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীদের জন্য শুল্কমুক্ত ইলেকট্রিক বাস আমদানির সুযোগ দেওয়া হবে। তবে পুরোনো বাসের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না।

এছাড়া বেসরকারি বিয়ে ও সামাজিক উৎসবে আলোকসজ্জা নিষিদ্ধ করা হয়েছে। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে তেল সরবরাহ অনিশ্চিত হয়ে পড়ায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও কাজাখস্তান থেকে বিকল্প উপায়ে তেল আমদানির প্রক্রিয়া শুরু করেছে সরকার। তবে সাধারণ মানুষের জন্য জ্বালানি ভর্তুকি অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করা হয়েছে।