ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে পাম্প ম্যানেজারকে পরিকল্পিতভাবে ট্রাকচাপায় হত্যা: ঘাতক চালক গ্রেপ্তার

জ্বালানি তেল না পাওয়ার জেরে নড়াইলে একটি ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যার অভিযোগে চালক সুজাত আলীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার (২৯ মার্চ) বিকেলে যশোরের বাঘারপাড়া থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজাত আলী দীর্ঘ ৮ ঘণ্টা অপেক্ষা করেও তেল না পাওয়ার ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে স্বীকার করেছেন।

র‍্যাব-৬ জানায়, গত শনিবার দিবাগত রাতে নড়াইল সদর উপজেলার ‘তানভীর ফিলিং স্টেশনে’ ডিজেল নিতে যান সুজাত। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পর পাম্প ম্যানেজার নাহিদ সরদার তেল দিতে অপরাগতা প্রকাশ করলে উভয়ের মধ্যে তপ্ত বাক্যবিনিময় হয়। এর কিছুক্ষণ পর ডিউটি শেষে নাহিদ সরদার ও তার সহকর্মী জিহাদ মোল্লা মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে তুলারামপুর রেল ব্রিজ এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাদের সজোরে ধাক্কা দেয়।

ঘটনাস্থলেই নাহিদ সরদার নিহত হন এবং তার সহকর্মী গুরুতর আহত হন। ঘটনার পর ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেলেও পরবর্তীতে বেনাপোল ট্রাক টার্মিনাল থেকে সেটি জব্দ করে নাভারণ হাইওয়ে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা বাঘারপাড়ায় সুজাতের শ্বশুরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি এক সংবাদ সম্মেলনে জানান, এটি কোনো সাধারণ সড়ক দুর্ঘটনা ছিল না, বরং তেলের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষার প্রতিশোধ নিতে চালক পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছেন। আটক সুজাতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।