ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি সাশ্রয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক অনলাইন ক্লাসের পরিকল্পনা: চূড়ান্ত সিদ্ধান্ত আজ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠদান পদ্ধতিতে বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। সপ্তাহে তিন দিন সশরীরে এবং তিন দিন অনলাইন—এই জোড়-বিজোড় ভিত্তিক হাইব্রিড মডেলে ক্লাস পরিচালনার বিষয়ে আজ রবিবার (৫ এপ্রিল) বিস্তারিত নির্দেশনা দেবে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, জ্বালানির ওপর চাপ কমাতে পাঠদান কার্যক্রমকে নতুনভাবে সাজানো হচ্ছে। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, তাত্ত্বিক ক্লাসগুলো অনলাইনে হলেও শিক্ষকদের প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে। তবে ল্যাবরেটরি বা ব্যবহারিক ক্লাসগুলো আগের মতোই সরাসরি অনুষ্ঠিত হবে। শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা করেই এই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এর পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতে পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুল্কমুক্ত সুবিধায় নতুন ইলেকট্রিক বাস আমদানি করতে পারবে। তবে বাণিজ্যিক আমদানির ক্ষেত্রে ২০ শতাংশ শুল্ক দিতে হবে বলে সচিবালয় নিশ্চিত করেছে।

এর আগে সংকটের প্রভাব নিয়ন্ত্রণে সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় আজ থেকে স্কুল-কলেজের জন্য পৃথক নীতিমালা কার্যকর হতে যাচ্ছে।