ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১৭ প্রকল্পে ব্যয় ১৩ হাজার ১৬১ কোটি টাকা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠক আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে মোট ১৭টি প্রকল্প উপস্থাপনের জন্য চূড়ান্ত করা হয়েছে, যার প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ১৬১ কোটি টাকা। এই ১৭টি প্রকল্পের মধ্যে ৯টি একেবারেই নতুন। এছাড়া পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত আরও ৩৩টি প্রকল্প বৈঠকে অবহিতকরণের জন্য তোলা হবে।

প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে নদী ড্রেজিং, জলবায়ু সহনশীল অবকাঠামো, সড়ক উন্নয়ন এবং স্বাস্থ্যখাতের আধুনিকায়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে রয়েছে করতোয়া নদী সিস্টেম উন্নয়ন (বগুড়া ও গাইবান্ধা), ময়মনসিংহে জলবায়ু সহনশীল সেতু নির্মাণ, রাজধানীতে জরুরি পানি সরবরাহ এবং ৮টি বিভাগে শিশু ও মাতৃস্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন।

তবে এই দফার বৈঠকে আলোচিত ‘পদ্মা ব্যারাজ প্রকল্প’টি বাদ পড়েছে। পানিসম্পদ মন্ত্রণালয় ফারাক্কা বাঁধের প্রভাব মোকাবিলায় ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার এই প্রকল্প প্রস্তাব করলেও কারিগরি বা কৌশলগত কারণে তা এজেন্ডায় অন্তর্ভুক্ত হয়নি।

অর্থনীতিবিদরা মনে করছেন, এই প্রথম বৈঠকের মাধ্যমেই সরকারের আগামীর উন্নয়ন দর্শনের প্রতিফলন ঘটবে। তবে ব্যয় সমন্বয় এবং প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করাই হবে নতুন প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ।