সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ‘সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার’ বক্তব্যটি একটি রাজনৈতিক রূপক (মেটাফর) ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর পক্ষে নির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এই ব্যাখ্যা প্রদান করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেগম জিয়ার ওই বক্তব্য মূলত সংবিধানের বিতর্কিত পঞ্চদশ সংশোধনীকে কেন্দ্র করে ছিল। ইতিমধ্যে উচ্চ আদালত ওই সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করায় রাজনৈতিকভাবে সেই বক্তব্যের বাস্তবায়ন ঘটেছে।
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকারপ্রধানের মেয়াদ সর্বোচ্চ ১০ বছর নির্ধারণের প্রস্তাবনা দেওয়া হয়েছে। গণতান্ত্রিক সংস্কারের এই সাহসী উদ্যোগের জন্য তিনি বিরোধী দলের নৈতিক সমর্থন ও প্রশংসা প্রত্যাশা করেন।
জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি সরকার এই সনদ শতভাগ পূরণে অঙ্গীকারাবদ্ধ। তবে তিনি ১৯৭১ সালের স্বাধীনতার সঙ্গে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের তুলনা করার বিরোধিতা করে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানের মৌলিক অর্জনগুলোর কোনো বিকল্প হতে পারে না।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপনের পক্ষে মত দেন। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে এই ধারাটি যুক্ত করেছিলেন এবং বর্তমান সরকারও সেই আদর্শিক অবস্থানে অটল থাকতে চায়।