মাদারীপুর জেলা প্রশাসনের শীর্ষ পদে সদ্য যোগ দেওয়া জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক আনুষ্ঠানিক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। সোমবার (০৬ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় তিনি জেলার সার্বিক উন্নয়ন ও দুর্নীতি দমনে সংবাদকর্মীদের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।
গণমাধ্যমকে জনস্বার্থের অতন্দ্র প্রহরী উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রশাসনের কাজের গতি বাড়াতে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। বিশেষ করে সামাজিক সমস্যা ও প্রশাসনিক অনিয়ম চিহ্নিত করতে সাংবাদিকদের মাঠপর্যায়ের তথ্য অত্যন্ত জরুরি।
সভায় উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসন ও সংবাদমাধ্যমের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়। এসময় ডিসি আশাবাদ ব্যক্ত করেন যে, মাদারীপুরের উন্নয়নে তথ্য আদান-প্রদানের মাধ্যমে একটি ইতিবাচক কাজের পরিবেশ তৈরি হবে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল নোমান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন) জুয়েল আহমেদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা আজরিন তন্বীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের পক্ষে আলোচনায় অংশ নেন প্রবীণ সাংবাদিক মাহবুবুর রহমান বাদল, বেলাল রিজভী ও সেলিম ফরাজীসহ স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা। তারা জেলার জনগুরুত্বপূর্ণ সমস্যাগুলো জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন।